219686

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে

 

ফের চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে নেয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এর আগে গত এপ্রিলের শুরুতে কারাবন্দি খালেদা জিয়াকে এক্স করাতে বিএসএমএমইউতে নেয়া হয়েছিল। ওই দিনই তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফেরত নেয়া হয়।

রোববার সচিবালয়ে জেলা জজের গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেন।

খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে ব্যক্তিগত চিকিৎসকদের এমন সন্দেহ প্রকাশ করার পরদিনই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ফের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হচ্ছে।

শনিবার খালেদার ব্যক্তিগত চিকিৎসকরা দেখে এসে বলেছিলেন, গত ৫ জুন বিএনপি চেয়ারপারসনের ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল বলে তারা ধারণা করছেন। সেই কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

আইনমন্ত্রী বলেন, খালেদার জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সরকার অবগত রয়েছে। তার মাইল্ড স্টোক হয়েছে কি না, সে ব্যাপারে আজ তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে বলে আমাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

তবে রোববার কখন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি আইনমন্ত্রী।

ad

পাঠকের মতামত