ভয় কাটাতে মেয়ের সঙ্গে মঞ্চে নাচলেন বাবাও (ভিডিও)
মঞ্চে নাচতে ভয় পাচ্ছিল ছোট্ট মেয়ে বেলা। তাই মেয়ের ভয় কাটাতে সঙ্গে নাচলেন বাবা ড্যানিয়েল।
ক’দিন পরেই বারমুডার হ্যামিলটন সিটি হলে নাচ পরিবেশন করতে যাবে ড্যানিয়েলের ছোট্ট মেয়ে বেলা। তাই অনুষ্ঠান শুরুর কয়েক দিন আগ থেকেই মঞ্চে নাচের অনুশীলন চলছিল। কিন্তু বাবাকে ছাড়া নাচের অনুশীলনে যোগ দিতে রাজি নয় দুই বছর বয়সী বেলা।
ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে জানানো হয়, ১৯ মে মঞ্চে ড্যানিয়েল যখন মেয়ে বেলার সঙ্গে নাচের অনুশীলন করছিলেন তখন তিনি তার এক হাতে কোলে নিয়ে রেখেছিলেন বেলার ছোট বোন সুরিকে। যদিও তিনি নাচতে জানেন না কিন্তু মেয়েকে সাহস দেওয়ার জন্য অনায়াসে নেচে গিয়েছিলেন সেদিন। সে সময় বাবা-মেয়ের নাচের ভিডিওটি ক্যামেরায় ধারণ করেন সেখানে উপস্থিত এক ব্যক্তি।
মেয়ের নাচের বিষয়ে ড্যানিয়েলের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, ‘আমি বেলাকে নানাভাবে বুঝিয়েছি। আমি ওকে বলেছি,‘‘বেলা, তুমি খুব ভালো নাচ করো।’’ বিভিন্নভাবে ওর আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছি। কিন্তু না, ও কিছুতেই আমাকে ছাড়া নাচতে রাজি নয়। তাই আমিও ওর সঙ্গে নাচা শুরু করে দিলাম। তবে এটা আমার কাছে নতুন কোনো বিষয় নয়। কারণ এর আগেও অনেকবার বাড়িতে নাচের অনুশীলনের সময় মেয়ের সঙ্গে আমাকেও নাচতে হয়েছিল।’




