219213

‘যৌতুকের দাবি’তে স্ত্রীকে ন্যাড়া

সিরাজগঞ্জের রায়গঞ্জে যৌতুক দিতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূর মাথার চুল ন্যাড়া করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

ওই গৃহবধূর ভাষ্য, গত সপ্তাহে স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদ মিলে তার মাথা ন্যাড়া করে কয়েকদিন ঘরের মধ্যে আটকে রাখে। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়ে মঙ্গলবার তিনি মামলা করেন। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, দুই বছর আগে রায়গঞ্জ উপজেলার সড়াই হাজিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে বগুড়ার ধুনট উপজেলার খাদুলি গ্রামের আবু তাহের খানের মেয়ে ইসরাত জাহান বিথির (২২) বিয়ে হয়। বিয়ের সময় একটি মোটরসাইকেল, ৫০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও কিছু ফার্নিচার দেয় বিথির পরিবার। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় নতুন নতুন আবদার।

দাবি পরিশোধ করতে না পারায় বিথির ওপর শুরু হয় নির্যাতন। গত কয়েক দিন ধরে সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বিথির ওপর চাপ দিচ্ছিলেন জাহাঙ্গীরের পরিবার। কিন্তু টাকা আদায়ে ব্যর্থ হয়ে পরিবারের সবাই মিলে বৃহস্পতিবার সকালে বিথির মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। আর বিষয়টি কেউ যেন জানতে না পারে, সে জন্য বিথিকে ঘরের ভেতর তালাবদ্ধ করে আটকে রাখা হয়।

চার দিন পর সোমবার দুপুরে কৌশলে মা ও ভাইকে মোবাইলে বিষয়টি জানায় বিথি। পরে বিথির পরিবার পুলিশের সহযোগিতায় তাকে বন্দীদশা থেকে উদ্ধার করে।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই-তদন্ত) শহিদুল ইসলাম জানান, নির্যাতিতা গৃহবধূ বিথি নিজে বাদী হয়ে মঙ্গলবার দুপুরে স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের দ্রুতই গ্রেফতার করা হবে।

ad

পাঠকের মতামত