পচা মিষ্টি সংরক্ষণ করে ভালো মিষ্টির সাথে বিক্রি (ভিডিও)
অপরিচ্ছন্ন পরিবেশ। মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ ও কেমিক্যাল যুক্ত ছানা ব্যবহার করে তৈরি করা হচ্ছে মিষ্টি। শুধু তাই নয়, পচা-বাসি মিষ্টি সংরক্ষণ করে ভালো মিষ্টির সাথে মিলিয়ে তা বিক্রি করা হচ্ছে।
শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে দোকান ও মিষ্টি কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এসময় স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ ও ক্যামিকেল যুক্ত ছানা ব্যবহারের প্রমাণ পায় আদালত। এছাড়া, পচা-বাসি মিষ্টি সংরক্ষণ করে ভালো মিষ্টির সাথে চালিয়ে দেয়ারও প্রমাণ মেলে। এতে করে ওই কারখানাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা এবং ১১ মন মিষ্টি ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, দিনের পর দিন ক্রেতার সাথে প্রতারণা করে আসছিলো মিরপুর এলাকার কিছু অসাধু মাংস ব্যবসায়ী। বাজার মূল্যের থেকে তারা অতিরিক্ত দাম রাখছিল। গরু বলে মহিষ এবং খাসি বলে ভেড়ার মাংস বিক্রি করছিল।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, সরকার নির্ধারিত যে মূল্যতালিকা দেয়া হয়েছিলো সেটা তারা মানেনি।




