219312

ছাপার ভুলে অনলাইন কেনাকাটায় ভ্যাট

 

প্রস্তাবিত বাজেটে অনলাইন কেনাকাটায় যে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের কথা বলা হয়েছে, তা প্রিন্টিং মিসটেক (ছাপার ভুল) বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মুহিত এ কথা জানান।

অনুষ্ঠানে উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইঞাও একই কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভার্চুয়াল বিজনেস যেমন ফেসবুক, ইউটিউব, গুগলের ওপর ট্যাক্স ধার্য করার একটি প্রক্রিয়া শুরু করেছি। কিন্তু অনলাইন বিজনেসকে আমরা আলাদা রেখেছি। এটার ওপর আমরা ভ্যাট রাখিনি।

এটা ছাপার ক্ষেত্রে ভুল হয়েছে উল্লেখ করে সেই ভুলের জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি। একইসঙ্গে বাজেট পাস হওয়ার সময় এটা থাকবে না বলেও জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় অন্যান্যদের মধ্যে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আসম ফিরোজ, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোসলেম চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, বর্তমান ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বেড়েছে। এই পণ্য বা সেবার পরিসরকে আরও বাড়াতে ভার্চুয়াল বিজনেস নামের আরেকটি সেবার সংজ্ঞা সৃষ্টি করা হয়েছে। এর ফলে অনলাইনভিত্তিক যেকোনও পণ্য বা সেবার ক্রয়-বিক্রয় বা হস্তান্তরকে এই সেবার অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

ad

পাঠকের মতামত