বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছে এক স্কুল ছাত্রী। ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক। উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, একই ইউনিয়নের স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী এবং গাইবান্ধা সরকারী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শাহ মো. শাওন (২১) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শাওন। ঘটনার দিন শাওনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা। তবে কৌশলে শাওন সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে চাপ দিলে সে বিয়ে করতে অসম্মতি জানায়।
গত মঙ্গলবার দুপুর থেকে ওই ছাত্রী প্রেমিক শাওনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এর পর থেকেই প্রতারক প্রেমিক শাওন পলাতক রয়েছে।
ওই ছাত্রী বলেন, ‘শাওন আমাকে বিয়ে না করলে আমার আত্যহত্যা ছাড়া কোন উপায় থাকবে না।’
এ ব্যাপারে শাওনের বাবা আল-আমিন বলেন, ছেলে বাড়িতে না থাকায় কিছু করতে পারছিনা।
ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী জানান, উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
সাদুল্যাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




