নিকের বিয়ের প্রস্তাবে রাজি প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রেম করছেন। এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই শোনা যায়। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার সম্পর্ক দিন দিন গভীরতা পাচ্ছে বলেও মনে করছেন ইন্ডাস্ট্রির লোকজন। যদিও তারা নিজেরা কিছুই বলেননি স্পষ্ট করে।
তবে এবারের ঘটনাটা নিয়ে হইচই পড়ে গেছে বলিউডে। নিক জোনাস প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তাও আবার হিন্দিতে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ‘মুঝসে সাদি কারোগি?’ প্রশ্নটা প্রিয়াঙ্কার দিকে ছুঁড়ে দিয়েছেন নিক।
সম্প্রতি নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে খেতে যান প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন তার বন্ধুরা এবং প্রেমিক নিক জোনাস। সেই সময়কার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রিয়াঙ্কা। আর ওই পোস্টের মধ্যেই কমেন্ট করে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক জোনাস।
নিক জোনাসের এই প্রস্তাবের উত্তরে প্রিয়াঙ্কা কিছু বলেননি। তবে এরই মধ্যে নেট দুনিয়া তোলপাড়। কারণ প্রিয়াঙ্কা ও নিক জোনাসের সম্পর্কের মধ্যে একটি মজার ব্যাপার আছে। তা হলো, বয়সে প্রিয়াঙ্কার চেয়ে নিক জোনাস ১০ বছরের ছোট!




