218849

দুজনের চরম দ্বন্দ্বের শুরুটা যেভাবে

 

গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গতকাল রাতে গ্রেফতার হন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আজ সকালে আদালতে আসিফকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। কিন্তু আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ঘটনায় প্রকাশ্যে এল আসিফ ও শফিক তুহিনের চরম দ্বন্দ্বের কথাও। কখনো এ দুজনের দ্বন্দ্বের কথা শোনা যায়নি। কিন্তু হঠাৎ কী এমন হল যে সঙ্গীত জগতের এ দুই তারকার দ্বন্দ্ব চরমে উঠেছে।

সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই চরম মনোমালিন্য চলছিল দুজনের মধ্যে। আর তার প্রমাণ পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে। দেখা যায়, এই দুই তারকা একজন আরেকজনের সমালোচনায় বেশ কিছুদিন ধরেই মুখর ছিলেন। শেষ পর্যন্ত সেই দ্বন্দ্ব গড়ালো আদালত পর্যন্ত। আর আসিফ আকবরকে যেতে হল কারাগারে।

নিজের ফেসবুক পেজে শফিক তুহিন কিছু কাগজপত্র শেয়ার করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে গান বিক্রি করে দেয়ার অভিযোগ তোলেন আসিফের বিরুদ্ধে। বিষয়টিতে সাংঘাতিক ক্ষুব্ধ হয়ে ওঠেন আসিফ আকবর। পরের দিন রাত ১০টার দিকে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। আসিফ লাইভে শফিক তুহিনকে শায়েস্তা করবেন বলে হুমকি দেন। পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। আসিফের এই বক্তব্যের পর তাঁর ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শফিক তুহিনকে হত্যার হুমকি দেন।

দীর্ঘ ওই ফেসবুক লাইভে প্রীতম আহমেদ এবং শফিক তুহিনের কড়া সমালোচনা করেন আসিফ আকবর। তাদের ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েও কথা বলেন তিনি। এ নিয়ে আসিফ আকবর, শফিক তুহিন এবং প্রীতম আহমেদের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে আসে।

এরপর চ্যানেল ২৪-এর অনুসন্ধানী অনুষ্ঠান ‘চ্যানেল ২৪ সার্চলাইট’-এর প্রতিবেদন প্রকাশিত হয় গত ১ জুন রাতে। যেখানে ২০ মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদন থেকে সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন জানতে পারেন আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীর ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন।

পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটালাইজড করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। এর পরিপ্রেক্ষিতেই তথ্যপ্রযুক্তি আইনে তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলা করেন তুহিন।

ad

পাঠকের মতামত