‘ধরে নিল ডিবি’, চার দিন পর মিলল লাশ
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশ (ডিবি) ধরে নেওয়ার চার দিন পর রেল ব্রিজের নিচে পাওয়া গেছে দুই যুবকের লাশ।
৫ জুন, মঙ্গলবার সকালে শহরের পাটগুদাম এলাকায় রেল ব্রিজের নিচ থেকে ওই দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী ছিলেন।
নিহতরা হলেন—পুরোহিতপাড়ার ইদ্রিস আলী (৪৫) ও মুন্না মিয়া (৩৫)। ইদ্রিস কাঁচামালের ব্যবসায়ী ছিলেন ও মুন্না বাবার মুদির দোকান দেখাশোনা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত ইদ্রিসের ভাই শহর (১৬ নং ওয়ার্ড) বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক জানান, তার ভাই নেশা করতেন বলে মাসকান্দা এলাকায় ‘সেবা মাদক নিরাময় কেন্দ্রে’ ভর্তি করেছিলেন। শুক্রবার রাতে তাদের কাছে ফোন করেন কেন্দ্রের মালিক নিপুণ।
নিপুণ ফোনে সিদ্দিককে জানান তার ভাইসহ তিনজনকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিম ধরে নিয়ে গেছেন। পরে ডিবি অফিসে খোঁজ নিতে গেলে এসআই নাজিম প্রথমে অস্বীকার করেন। পরে মোটা অঙ্কের চাঁদা না দিলে তাকে চালান করে দেওয়ার হুমকি দেন। এরপর মঙ্গলবার সকালে পাটগুদাম এলাকার রেল ব্রিজের নিচে তাদের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলামের দাবি, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ইদ্রিসের নামে আটটি ও মুন্নার নামে মাদকসহ ১২টি মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।




