218913

জিতের কণ্ঠে ঈদের গান (ভিডিও)

আবারো ঈদের গান শোনা যাবে জিৎ অভিনীত চলচ্চিত্রে। এবারের বিশেষত্ব হলো প্রথমবারের মতো কণ্ঠ দিলেন কলকাতার এ নায়ক।

গানটির শিরোনাম ‘ঈদ মোবারক’। ঠাঁই পেয়েছে মুক্তি প্রতিক্ষীত ‘সুলতান দ্য সেভিয়র’ সিনেমায়।

ইউটিউবে মঙ্গলবার রাতে প্রকাশ হয়েছে গানটি। প্রাঞ্জলের কথায় সুর-সংগীত করেছেন শুদ্ধ রায়। আর প্রথমবার প্লেব্যাক হিসেবে ভালোই করেছেন জিৎ।

উৎসবের আমেজে ধারণ করা হয়েছে ‘ঈদ মোবারক’। নাচে-গানে জিতের সঙ্গে আরো ছিলেন প্রিয়াঙ্কা সরকার। কোরিওগ্রাফি করেছেন জয়েস প্রধান।

‘সুলতান’ পরিচালনা করেছেন রাজা চন্দ। প্রযোজনায় আছে জিতস ফিল্মওয়ার্কস, সুরিন্দর ফিল্মস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

সিনেমাটিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। তাকে আগে প্রকাশ হওয়া দুটি গানে দেখা গেছে। বাংলাদেশ থেকে আরো আছেন তাসকিন রহমান ও আমান রেজাসহ কয়েকজন।

মাস কয়েক আগে বাংলাদেশের যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে চিত্রনাট্য অনুমোদনের আবেদন করে ‘সুলতান’-এর প্রযোজক। অনুমতিও পায়। কিন্তু পরে জানা যায়, অনুমতির আগে সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হয়ে গেছে। জটিলতা এড়াতে জানানো হয়, আমদানি করে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।

শোনা গিয়েছিল, ঈদুল ফিতরে ভারত-বাংলাদেশে একযোগে মুক্তি পাবে। তবে আদালতের এক আদেশে উৎসবে বিদেশি সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, ঈদের দু-এক সপ্তাহ পর বাংলাদেশে ‘সুলতান’ মুক্তি পাবে।

ad

পাঠকের মতামত