আকবরের প্রেমে জীবন গেল ঋতুর!
ভোলার দৌলতখানে নবম শ্রেণিতে পড়ুয়া ঋতু নামে এক মাদ্রাসা ছাত্রীর ফ্যানের সাথে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ জুন) সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত ঋতু উপজেলার চরখলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ির কামালের মেয়ে এবং শামছুদ্দিন হাওলাদার হাট মহিলা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ঋতু দক্ষিণ জয়নগর ইউনিয়নের শামছুদ্দিন এর ছেলে আকবরের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছে। এ বিষয়টি ঋতুর মা-বাবা মেনে নিলেও আকবরের বাবা মা মেনে নেয়নি। এটা নিয়ে কয়েক দিন ধরে উভয়ের পরিবারের মধ্যে কথাবার্তা চলছিল।
সোমবার বিকেলে আকবর ঋতুর সাথে তাদের ঘরে একা দেখা করতে আসে। আকবর চলে যাবার কিছুক্ষণ পর ঋতু একা ঘরে ফ্যানের সাথে ওড়না বেঁধে ঝুলে থাকে। এর পর ঋতুর দাদা ঘরে প্রবেশ করে ঋতুকে ঝুলন্ত অবস্থা দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে মৃত অবস্থায় মাটিতে নামায়। পরে স্থানীয়রা দৌলতখান থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে তবেই সেটি নিশ্চিত হওয়া সম্ভব। তবে প্রাথমিক অবস্থায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।




