জমি বিক্রি করে পতাকা বানালেন আমজাদ
ফুটবল উত্তেজনায় ভাসছে বিশ্ব। সারাবিশ্বের মতো বাংলাদেশও কাঁপছে ফুটবল জ্বরে। তারই একটি নজির দেখা গেল মাগুরায়।
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জমি বিক্রি করে প্রিয় দল জার্মানির জন্য সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়েছেন আমজাদ হোসেন। তিনি এলাকায় ‘পতাকা আমজাদ’ নামে পরিচিত।
মঙ্গলবার মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পতাকা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করার কথা রয়েছে।
আমজাদ হোসেন জানান, এবার সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছেন তিনি। তাতে খরচ হয়েছে ২ লক্ষাধিক টাকা। আর এই টাকা যোগাড়ে তিনি ১০ শতক জমি বিক্রি করেছেন। এর আগে ২০১৪ সালে সাড়ে ৩ কিলোমিটারের পতাকা তৈরির জন্য তার ৫০ শতক জমি বিক্রি করছিলেন তিনি।
আমজাদ জানান, তার শেষ ইচ্ছা, ২০২২ বিশ্বকাপে তিনি মাগুরা-যশোর সড়কে মাগুরা থেকে সীমাখালী পর্যন্ত জার্মানির ২২ কিলোমিটার দীর্ঘ পতাকা উপহার দেবেন প্রিয় দলকে।
তিনি বলেন, টাকা খরচের বিষয় নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। জার্মানি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে বরং আরও বেশি টাকা খরচ করে অনুষ্ঠান করবেন।
আমজাদ মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের সাধারণ কৃষক।




