রেকর্ডের সামনে সাকিব
স্পোর্টস ডেস্ক।। রবিবার রাতেই ‘এলিট ক্লাবে’ নাম লেখানোর সুযোগ ছিল সাকিব আল হাসানের সামনে। তবে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের অপেক্ষার প্রহর একটু দীর্ঘ হলো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বোলিংটা দারুণ করেছেন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়েছেন সাকিব। উইকেট শিকার করেছেন একটি।
আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে একটি মাত্র উইকেট পেলেই বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান এবং ৫০০ উইকেট নেওয়ার ‘এলিট ক্লাবে’ নাম উঠবে সাকিবের।
১০ হাজার রান এবং ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড আছে জ্যাক ক্যালিস ও শহিদ আফ্রিদির। ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এ রেকর্ড ছুঁতে হয়েছে তাদের।
সাকিবকে এদিক থেকে সেরাদের সেরা বললে ভুল হবে না। কেননা আজ এক উইকেট পেলে ৩০১তম ম্যাচে রেকর্ড বইয়ে জায়গা করে নেবেন তিনি। ক্যালিস-আফ্রিদিদের থেকে অনেক কম ম্যাচ খেলে ‘এলিট ক্লাবে’ নাম লেখাবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
সাকিব আল হাসানের অপেক্ষা বাড়লেও রবিবার নিজের মুকুটে আরেকটি অর্জনের পালক যোগ করেছেন রশিদ খান। আইপিএলে আফগান লেগ স্পিনার ছিলেন সাকিবের হায়দরাবাদ দলের সতীর্থ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দারুণ বোলিং করেছেন রশিদ খান। ৩ ওভারে ১৩ রান খরচায় তার শিকার ৩ উইকেট। রেকর্ড গড়তে তার দরকার ছিল একটি উইকেট। টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন আফগানিস্তানের এ তরুণ স্পিন জাদুকর!




