পতাকা টানাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বউ বাজারের রাস্তার পাশে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টোটন মিয়া (১৭) নামের এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) বিকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত টোটন মিয়া উপজেলার খান ঠাকুর দিঘীর পাড়ের ধন মিয়ার ছেলে। টোটন বাবা-মায়ের বড় ছেলে। সে জেলা পর্যায়ের একজন তরুণ কৃতী ফুটবলার ছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে সমর্থকদের মাঝে চলছে আনন্দের উৎসব। বাসা-বাড়ি, দোকান, স্কুল, কলেজ, রাস্তার পাশে, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে বিশ্বকাপে অংশ নেয়া বিভিন্ন দেশের পতাকা। ব্রাজিল দলের কট্টর ভক্ত টোটন তাই দুপুরে প্রিয় দলের পতাকা রাস্তার পাশে টানাতে যায়। আর এ সময় বিদ্যুত লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
টোটনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।




