ঈদের বাজারে দুই নারী পকেটমারকে গণধোলাই
নারায়ণগঞ্জের চাষাড়ায় হক প্লাজা মার্কেটে নীলিমা (৪০) ও বর্ষা (২৫) নামে দুই নারী পকেটমার চক্রের সদস্যকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পকেটমার ও পকেটমারের শিকার এক নারীকে থানায় নিয়ে যায়।
পকেটমারের শিকার কলি আক্তার বলেন, ‘আমার ব্যাগে থাকা ১০ হাজার ও আমার মায়ের ব্যাগের ছয় হাজার টাকা এরা দুজন সাধারণ ক্রেতা সেজে চুরি করে। এ সময় চোর দুটোকে ধরলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।’
পুলিশ জানায়, আটককৃত ওই দুই পকেটমার সিলেটের নারী পকেটমার চক্রের সদস্য। ঈদের মৌসুমকে কেন্দ্র করে বর্তমানে নগরীর দেওভোগে অবস্থান করে শহরের বিভিন্ন মার্কেটে ভিড়ের মাঝে নারীদের ব্যাগ থেকে টাকা চুরি করে থাকেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘টাকা চুরির ঘটনায় উভয়কে থানায় আটক রাখা হয়েছে। অভিযোগকারী মামলা দায়ের করতে চাইলে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।’
গত ১০ মে চাষাঢ়া এলাকায় লাকি আক্তার তমা নামে আরও এক নারী পকেটমারকে আটক করে জনতা ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছিল।




