218457

এক বসাতেই ১৮ কেজি মাংস, ১০০ ডিম খেলেন বাবুল

 

একসঙ্গে ১৮ কেজি খাসির মাংস এবং ১০০টি মুরগির ডিম খাওয়া। বিষয়টি কঠিনই বটে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। বাবুল আক্তার নামে এক লোক একাই এতগুলো খাবার এক টেবিলে বসে খেয়ে ফেললেন।

বাবুল রাজশাহীর বাঘা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত খেলাফত উল্লাহ সরকারের ছেলে। তিনি এলাকায় ‘খাদক বাবুল আক্তার’ নামে ব্যাপক পরিচিতি।

স্থানীয় সূত্রে জানা যায়, খেতে বসলেই ২০-২৫ কেজি ওজনের একটি কাঁঠাল নিমিশেই সাবাড় করে দিতে পারেন বাবুল। তার এত শক্তি যে ১১ মণ ওজনের কাঠের গুল একাই কাঁধে তুলে নিতে পারেন। ১২৫ কেজি ওজনের বিশাল দেহ নিয়ে অনায়াসেই সাতার কাটা ও ডাব গাছে উঠতে পারেন।

এলাকাবাসী জানান, বাবুলের স্বাভাবিক খাদ্য তালিকায় ৫ কেজি গরুর মাংস লাগতো। এখনো ১০-১৫ কেজি ওজনের একটি খাসির মাংস খেয়ে সাবাড় করতে পারেন তিনি।

বাবুল আক্তার বলেন, যদি কেউ বাজি ধরে তাহলে কোনো কথা ছাড়াই ১০-১৫ কেজি মাংস ও ১০০ ডিম খেয়ে ফেলি। এখনো পারবো। কিন্তু বয়স ও শারীরিক কিছু সমস্যার কারণে চিকিৎসকের কথা মতো খাবার কমিয়ে দিয়েছি। পরিবারও আর তেমন খেতে দেয় না।

তিনি আরও বলেন, ২০০৫ সালের বন্ধুদের সঙ্গে ঢাকায় গিয়েছিলাম। ওই দিন রাজধানীর ধানমন্ডিতে ‘ভূত রেস্তোরাঁ’ নামের একটি হোটেলে গিয়েছিলাম। বন্ধুদের সঙ্গে বাজি ধরে তখন ওই রেস্তোরাঁয় ১৮ কেজি খাসির মাংস এবং ১০০টি ডিম এক বসাতেই খেয়ে ফেলেছি।

বাবুল বলেন, আমার মা বলতেন আমি ১৯৭৩ সালে জন্মের পরপরই নাকি পৌনে এক কেজি করে গরুর দুধ পান করতাম।

ad

পাঠকের মতামত