ট্রাম্প-কিম বৈঠক: বিলাসবহুল হোটেলের খরচ বহন করবে যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট।। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে চলতি মাসের ১২ তারিখ। আন্তর্জাতিকভাবে বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে। এসময় সিঙ্গাপুরে কিমের থাকার জন্য বিলাসবহুল হোটেল ঠিক করে রেখেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, কিমের জন্য এই বিলাসবহুল প্রেসিডেন্টাল স্যুইটের জন্য প্রতি রাতে ৬ হাজার ডলার গুনতে হবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টকে। ফাইভ স্টারের ফুলারটন হোটেলের এই প্রেসিডেন্টাল স্যুইটে রয়েছে একটি ছোট পিয়ানো, ব্যক্তিগত লিফট, ব্যক্তিগত পুলসহ আরও বহু বিলাসবহুল ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্প-কিমের এই বহুল প্রতীক্ষিত বৈঠকের জন্য খরচের কিছুটা দিতে রাজী হয়েছে সিঙ্গাপুর সরকার। এর মূল কারণ হচ্ছে এতে করে বৈশ্বিক শান্তি রক্ষায় তারা একটি অবদান রাখতে পারবে।
এদিকে ২০১৭ সালে নোবেলে শান্তি পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এবোলিশ নিউক্লিয়ার ওয়েপেন্স (আইকান) থেকেও কিমের হোটেলের বিল পরিশোধ করার জন্য আবেদন করা হয়েছে। তারা বলেছে, শান্তিতে নোবেল পাওয়ার পাশাপাশি যে অর্থ তাদের দেওয়া হয়, সেটি থেকেই তারা কিমের জন্য খরচ করতে ইচ্ছুক।
তবে কিমের এই বিলাসবহুল হোটেলে রাতযাপন নিয়ে এখন পর্যন্ত কিছুই স্পষ্ট করে ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, যেকোনো সফররত প্রেসিডেন্টের নিজস্ব খরচ বহন করতে হয় তার দেশের সরকারকে। তবে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ায় অর্থনৈতিক মন্দা বিরাজ করে, যার কারণে তারা ট্রাম্প-কিমের বৈঠকের জন্য খরচ করতে পারবে না বলে জানানো হয়েছে। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট




