চিকিৎসকের অদ্ভুত কাণ্ড, নাচতে নাচতে অস্ত্রোপচার! (ভিডিও)
অস্ত্রোপচারের কাজটা যেকোনও চিকিৎসকের কাছেই চ্যালেঞ্জিং। কিন্তু রোগীর সাহস জোগাতে ডক্টর উইন্ডেল বউট যা করেন, তাতে তাকে বারবারই বিতর্কের মুখে পড়তে হয়।
ডাক্তারের পোশাক গায়ে চাপিয়ে অদ্ভুত সব কাণ্ডকারখানার জন্য ইতিমধ্যেই উইন্ডেল বউটের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। আর এবার নিজেকে আরও একবার ছাপিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এই চিকিৎসক।
আটলান্টা বোর্ডের শংসাপত্র প্রাপ্ত এই চর্মরোগ বিশেষজ্ঞের ভিডিওগুলি চমকে দেওয়ার মতোই। তেমনই একটি নতুন ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন ডক্টর উইন্ডেল। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অপারেশন টেবিলে অচেতন অবস্থায় শুয়ে রয়েছেন রোগী। আর তার সামনেই গান চালিয়ে অস্ত্রোপচারের সরঞ্জাম হাতে নিয়ে নাচানাচি করে চলেছেন চিকিৎসক ও তার সহকারীরা। আবার নাচের ফাঁকেই মাঝে মধ্যে অস্ত্রোপচারের কাজও সেরে নিচ্ছেন তারা।
ভিডিওতে চিকিৎসকের সহকর্মীরা মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকলেও ডক্টর উইন্ডেল বউটের সেসব নেই।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডক্টর উইন্ডেলের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হওয়ার পরই সোশ্যাল সাইট থেকে তার সমস্ত ভিডিও মুছে ফেলা হয়েছে।
এর আগে রোগীরা অভিযোগ জানিয়েছিলেন, এই চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়ে বিভিন্ন ধরনের সংক্রমণ হয়েছে তাদের। এমনকী মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। এমনই আবেদন জানিয়েছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা।




