৬ নায়িকা ফিরিয়েছেন জাজের ‘দহন’ ছবি
শুটিংয়ের আগেই আলোচিত সিনেমার নাম ‘দহন’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে সিয়াম ও পূজাকে। সম্প্রতি ছবিতে আরও একজন নায়িকা খুঁজছিলেন প্রযোজনা সংস্থা। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি।
গত (৩০ এপ্রিল) রাতে রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠানে বাঁধনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়। এই ছবিতে কাজ করার জন্য বাঁধন স্কুটি চালানো শিখেছেন। শুধু তাই নয়, শরীরের ১৬ কেজি ওজনও কমিয়েছেন। গত ২২ মে হঠাৎ করেই ব্যাক্তিগত কারণ দেখিয়ে ‘দহন’ ছবিটি থেকে সরে আসেন বাঁধন।
ছবিটি নিয়ে মিডিয়ায় নানা আলোচনা সৃষ্টি হয়। বাঁধনের পরিবর্তে ছবিটিতে পূর্ণিমাকে নেয়ার পরিকল্পনা করেন প্রযোজনা সংস্থা। এ নিয়ে সংবাদমাধ্যেমে ফলাও করে খবরও প্রকাশ করে। কিছু কিছু নিউজের শিরোনাম দেখে বেঁকে বসেন পূর্ণিমা! এ ছবি থেকে সরে গেলেন পূর্ণিমা।
জানা যায়, দহন ছবিতে ‘মায়া’ চরিত্রের জন্য প্রথমে জয়া আহসানকে ভাবা হয়েছিল। জয়া ফিরিয়ে দিয়েছেন। এরপর তিশা, বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেয়া হয়েছিল। মার্চের শুরুতে এই ছবিতে জাকিয়া বারী মম’র কাজ করার কথা ছিল। সেই মোতাবেক স্কুটি চালানোও শিখছিল। শেষে এই ছবি থেকে মম নিজেকে সরিয়ে আনেন।
কি কারণে মায়া চরিত্রের মায়ায় কেউ জড়াচ্ছেন না? জানা গেছে, কারণ এ ছবিতে পূজা-ই নায়িকা। তার চরিত্রেই সব গভীরতা।মায়ার সাথে সিয়ামের চরিত্রের কোনো প্রেম নেই। এমনকি মায়ার অভিনয়ের স্কোপও খুব কম। এসব কারণেই কেউই মায়ায় জড়াচ্ছেন না।




