অপর্ণা আসছেন যৌনকর্মী ‘মালতী’ হয়ে
বিনোদন ডেস্ক।। এবার পতিতা চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। ‘মালতী’ শিরোনামের একটি নাটকে তিনি অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা দীপু হাজরা। রচনা করেছেন আহাসান হাবিব সকাল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
নাটকের গল্পে দেখা যাবে, সৎ মায়ের ঘরে বেড়ে উঠেন মালতি। সংসারে উপার্জনের কোনো লোক না থাকায় স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে নাম লেখান যৌনকর্মীর তালিকায়। কখনও কখনও রাস্তায়, রেল লাইনের পাশে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাসায় কিংবা হোটেলে রাত যাপন করতে হয় তাকে।
ঘটনাক্রমে তাকে নেওয়া হয় এক পাগলের বাসায়। তাকে বলা হয়, একজন পাগলকে সময় দিতে হবে।
এটি কিভাবে সম্ভব? মালতি প্রশ্ন করলে পাগলটির বাবা বলেন, তার ছেলে একটি মেয়েকে ভালোবাসতো; যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দিবে কিন্তু তাকে কয়েক মাস তার সাথে থাকতে হবে।
এদিকে সম্রাট নামে একজন মালতীকে ভালোবাসে। ঘটনা মোড় নেয় ভিন্নদিকে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা বলেন, “নাটকটি আমার জন্য একটি চ্যালেঞ্জিং নাটক আর আমি যে ধারার নাটক নির্মাণ করি তার চেয়ে এটি বেশ আলাদা। আশা করি দর্শকদের ভালো লাগবে।”
অপর্ণা ছাড়াও এতে মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, অনুভব মাহাবুব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন খান, নিশু প্রমূখ।




