হঠাৎই ডান পা চেপে ধরে বসে পড়লেন নেইমার!
সদ্যই চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। আসন্ন রাশিয়া বিশ্বকাপে পাঁচবারের শিরোপাজয়ীদের আশা ভরসা সব কিছু তাকে ঘিরেই। নিজেকে ফিরে পেতে কার্যত সময়ের বিরুদ্ধেই ছুটছেন পেলের দেশের মহাতারকা। রবিবার অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার সঙ্গে খেলতে নামার আগে টটেনহ্যামে জাতীয় শিবিরের অনুশীলনে হঠাৎই ডান পা ধরে বসে পড়েছিলেন নেইমার।
এই দৃশ্য দেখে কার্যত স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম! অনুশীলন ফেলে ছুটে আসে সতীর্থরা। ছুটে আসেন কোচ তিতে। আর নেইমার স্বয়ং ‘ব্যাপারটা তেমন কিছুই না’ বলে উড়িয়ে দেন। ব্যাপার যে আদৌ তেমন কিছু নয়, উল্টো লিয়োনেল মেসির সাবেক সতীর্থ যে নিজের সেরা ফর্মের থেকে খুব দূরে নেই, এমন আশ্বাসবাণীও পেয়ে গেলেন ব্রাজিল ভক্তেরা। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের নির্ভরযোগ্য ডিফেন্ডার দানিলো লুইজ দ্য সিলভা নেইমারের সুস্থতা নিশ্চিত করেছেন।
কোচ তিতে প্রস্তুতি শিবিরে দানিলোর উপরই দায়িত্ব দিয়েছেন, নেইমারকে ট্যাকল করে তৈরি করার। টটেনহম্যামে শিবিরে সাংবাদিক সম্মেলনে এসে ম্যাঞ্চেস্টার সিটির দানিলো বললেন, ‘গত ১০ দিন ধরে ওর সঙ্গে প্রচুর কথা হচ্ছে। ট্রেনিংয়ে আমার উপরই দায়িত্ব পড়ছে ওকে আটকানোর। প্রতিদিন মনে হচ্ছে উন্নতি করছে। গতিও বাড়ছে। যত দিন যাচ্ছে তত ওকে আটকানো কঠিন হয়ে পড়ছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আশা করছি একশো শতাংশ না হলেও, তার কাছাকাছি সুস্থতা নিয়েই নেইমার রাশিয়ায় পৌঁছবে। সেটা আমাদের জন্য ভীষণ প্রয়োজন।’
এমনিতে দানিলো নিজে এবার তিতের প্রথম দলে থাকতেও পারেন। দানি আলভেসের চোট এই সুযোগ এনে দিয়েছে। যদিও দানিলোর খুবই খারাপ লাগছে আলভেস না থাকায়, ‘আলভেসের চোটটা আমাদের কাছে বড় ধাক্কা। ওর কথা ভাবলে মন খারাপ হয়ে যাচ্ছে। ও থাকলে খুব ভাল হতো। দলকে একাই নেতৃত্ব দেওয়া ক্ষমতা আলভেসের মতো কারও নেই।’




