217514

দেরাদুনের তীব্র গরমে রোজা রেখে ক্ষুধার্ত মুশফিকদের নাভিশ্বাস

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে সেখানেই অবস্থান করছেন লাল-সবুজ জার্সিধারীরা। চলছে অনুশীলন । কিন্তু বিপত্তি তীব্র গরমে। সঙ্গে আবার পবিত্র রমজান মাসের কারণে রোজাও রাখছেন বেশির ভাগ ক্রিকেটার। দুইয়ে মিলিয়ে নাভিশ্বাস উঠছে তাদের।

এই সময়ে দেরাদুনের তাপমাত্রা গড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেই অনুশীলন করতে হচ্ছে বাংলাদেশকে। সাথে রোজা রাখার কারণে কষ্টটা আরও বাড়ছে ক্রিকেটারদের।

বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনিই উল্টো জিজ্ঞেস করেন, ‘আপনি কি রোজা রেখেছেন?’

উত্তরটা যখন ‘না’-বোধক, তখন তিনি বলেন, ‘তাহলে আপনি কী করে বুঝবেন যে এই গরমে রোজা রেখে অনুশীলন করতে গিয়ে কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি?’

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘গরম? আমার কাছে অতটা মনে হচ্ছে না। কিন্তু আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি। ক্ষুধায় নাভিশ্বাস উঠছে।’

মুশফিকুর রহিম অবশ্য খেললেন ফ্রন্টফুটে। বলেছেন, ‘আপনাদের অনেকে কেন রোজা রাখছেন না? আপনারা কি আমাদের চেয়েও বেশি পরিশ্রম করছেন?’

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩ জুন মাঠে নামবে বাংলাদেশ দল। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫ জুন ও ৭ জুন।

ad

পাঠকের মতামত