খুন করার আগ মুহূর্তে চললো না গুলি (ভিডিও)
মধ্যরাতের দিকে রাস্তায় দাঁড়িয়ে একাকী ছিলেন এক ব্যক্তি। হঠাৎ পেছনে হাজির এক আততায়ী। হাতে পিস্তল। পিস্তলটি ওই ব্যক্তির মাথার দিকে তাক করে টেনে দিলেন ট্রিগার। কিন্তু কোনো কারণে বের হলো না গুলি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারও শ্বাস নেওয়ার সুযোগ পেলেন রাস্তায় দাঁড়ানো ওই লোকটি। ঘটনাটি ঘটেছে কানাডার টরেন্টো শহরে। ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্যটি এভাবেই ধরা পড়ে।
সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, যাকে উদ্দেশ করে গুলি চালানোর চেষ্টা হয়েছিল, সেই ব্যক্তি আদতেও হামলাকারীদের লক্ষ্য ছিল না। বোঝার ভুলেই হতে যাচ্ছিলেন হত্যার শিকার। তবে পিস্তল অচল হয়ে যাওয়ার পর নিজেদের ভুলটা বুঝতে পারেন মূল হামলাকারী। তখন সঙ্গে থাকা আরেকজনকে নিয়ে পিঠটান দেন তিনি।
ডেইলি মেইল জানায়, প্রথমে ভুল করার পর পিছু হটেনি হামলাকারীরা। মিনিট দশেক পরেই আরেকটি সিসিটিভিতে ধরা পড়েন তারা। সেখানে ৪২ বছর বয়সী একজনের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে দেখা যায় তাদের। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি।
এদিকে ডেইলিমেইলকে টরেন্টো পুলিশের এক কর্মকর্তা জানান, হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। দুই হামলাকারী এখনো পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।




