217456

বিশ্বকাপের গ্যালারিতে দেখলে সমকামীদের খুন করা হবে!

আর মাত্র ১৪ দিন পর রাশিয়া বসছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে এক সুতোয় বাঁধার কাজ করে ফুটবল। ফুটবলপ্রেমী শব্দটার মধ্যে দিয়ে বিশ্বের লক্ষ-কোটি মানুষ একাত্ম হন। বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ার উদ্দেশ্যে ছুটছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। কিন্তু শুধুমাত্র সমকামী এবং ট্রান্সজেন্ডারদের প্রবেশের উপর ফতোয়া জারি করল রাশিয়ান হুলিগানরা!

ইংল্যান্ড এবং রাশিয়ান হুলিগানদের মধ্যে লড়াই বিশ্ব-ফুটবলের বহু পুরনো। এবার সেই লড়াইয়ে ঢুকে পড়লেন সমকামী এবং ট্রান্সজেন্ডাররা। সমকামী ফুটবল ফ্যান গ্রুপকে হুমকি দিয়ে মেইল করারও অভিযোগ উঠছে রাশিয়ান হুলিগানদের বিরুদ্ধে। লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডারদের(এলজিবিটি) ফুটবল ফ্যান গ্রুপের এক সদস্য জানান, ‘আমাদের কাছে বেশ কয়েকটি বেনামি মেল এসেছে। যেগুলোতে বলা হয়েছে বিশ্বকাপের গ্যালারিতে উপস্থিত থাকলে তোমাদের জন্য ধারালো ছুরি অপেক্ষা করে রয়েছে।’

বিষয়টি সাথে সাথেই পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই এলজিবিটি সদস্য। এর আগেও ব্রিটেনের সংবাদমাধ্যমের পক্ষ থেকে গে-ফ্যানদের সতর্ক করা হয়েছিল যে মাঠে বা মাঠের বাইরে হাতে হাত রেখে ঘোরাঘুরি করতে দেখলে তাদের উপর হামলা হতে পারে। মাঠে রাশিয়ান হুলিগানসদের বর্ণবিদ্বেষী মন্তব্য করার রেওয়াজ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন ইংরেজ ফুটবলাররা।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে হুলিগানদের শক্ত হাতে মোকাবিলা করতে তৈরি তারা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার অ্যাসলে ইয়ং বলেছেন, ‘আমরা যখন মাঠে থাকব, জানিনা আমাদের প্রতিক্রিয়া কী হবে! আমরা এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। আশা রাখছি ফিফা যে কোনও ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্যকে কঠোরভাবে সামলাবে।’

ad

পাঠকের মতামত