গাড়ি পাচ্ছেন ১২৮ অতিরিক্ত জেলা জজ
দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকরা। আগে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকরা ওই সুবিধা পেতেননা। আইনমন্ত্রী আনিসুল হকের হস্তক্ষেপে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে, অতিরিক্ত জেলা জজ পদে কর্মরত ১২৮ জন বিচারক এই সুবিধা পাবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ৬৪টি জেলায় অতিরিক্ত জেলা জজ পদমর্যাদায় কর্মরত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু অতিরিক্ত জেলা ও দায়রা জজরা ওই সুবিধা পেতেননা। এ নিয়ে তাদের মধ্যে ছিল চরম হতাশা। বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করে। অতিরিক্ত জেলা জজদের গাড়ি সুবিধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি। এক পর্যায়ে আইনমন্ত্রী বিচার বিভাগীয় একটি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা জজদের সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন। পরে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে নির্দেশ দেন।
সূত্র আরো জানায়, চলতি বছরের ১৫ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য জেলা ও দায়রা জজ আদালত/ মহানগর দায়রা জজ আদালতের টিওএন্ডই-তে ১২৮টি গাড়ি (কার) অন্তর্ভুক্তকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ এপ্রিল ওই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে এবং অর্থ বিভাগের সম্মতি গ্রহণের শর্ত দেয়।
অতঃপর চলতি মাসের ৭ তারিখে ওই বিষয়ে সম্মতি গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগ থেকে অর্থ বিভাগে প্রস্তাব পাঠালে ২৯ মে অর্থ বিভাগ সম্মতি জানিয়ে আইন ও বিচার বিভাগকে পত্র দিলে অতিরিক্ত জেলা জজদের গাড়ি সুবিধার বিষয়টি সমাধান হয়।




