‘আনফিট’ খালেদা জিয়া, পেছাল মামলার শুনানি
নিউজ ডেস্ক।। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘আনফিট’ জানিয়ে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। তার অনুপস্থিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা শুনানির জন্য ১০ মে দিন ধার্য করেছেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।
এর আগে শুনানির শুরুতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে জানান, এই মামলায় আজ যুক্তিতর্ক শুনানির দিন ধার্য রয়েছে। কিন্তু খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। কারা কর্তৃপক্ষ যে কাগজ আদালতকে দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, আদালতে আসার জন্য খালেদা জিয়া ‘আনফিট’।
মোশাররফ হোসেন আরও বলেন, আমরা দুই পক্ষই যদি একমত হই, তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রম চলতে পারে। ভারতেও সম্প্রতি লালু প্রসাদ যাদবের বিচারপ্রক্রিয়া এভাবে হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে এর মাধ্যমে বিচার কার্যক্রম চলছে।
তবে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া দুদকের এই আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, ভিডিও কনফারেন্সের বিষয়ে আমাদের ঘোর আপত্তি রয়েছে। প্রসিকিউশন থেকে বলা হচ্ছে খালেদা আনফিট। কী কারণে আনফিট, তা বলা হয়নি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। সেই থেকে খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে। উৎস: বিডি জর্নাল।




