বিএনপির হাঁড়ির খবর প্রকাশের হুশিয়ারি
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ডেস্ক রিপোর্ট।। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে অপপ্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। অন্যথায় তার ‘হাঁড়ির খবর’ খুলনাবাসীর কাছে প্রকাশ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা।
নির্বাচনী হলফনামায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক অসম্পূর্ণ তথ্য দিয়েছেন উল্লেখ করে তার মনোনয়ন বাতিলের দাবি জানান বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলনের আহ্বান জানান।
সম্মেলনে তালুকদার আব্দুল খালেক তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, আমি ১৯৭৭ সাল থেকেই নির্বাচন করছি। সব নির্বাচনেই আমি হলফনামা দিয়েছি। হলফনামায় কখনো কোনো তথ্য গোপন করার অভিযোগ ওঠেনি। আমি চার দফায় ২০ বছর সংসদ সদস্য, পাঁচ বছর মেয়র ছিলাম। এর আগে একাধিকবার কমিশনার নির্বাচিত হয়েছি।
তালুকদার খালেক বলেন, আমার স্ত্রীও পাঁচ বছর সংসদ সদস্য ছিলেন। লাভজনক যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত রয়েছি, সবকিছুর হিসাব দাখিল করেছি। এখানে চতুরতার কোনো বিষয় নেই।
তিনি আরও বলেন, আমি হলফনামায় সাউথ-বাংলা এগ্রিকালচার ব্যাংকের বিষয়ে উল্লেখ করেছি। যিনি অভিযোগ তুলেছেন, তিনি ভালো করে পড়ে দেখেননি। শিল্প প্রতিষ্ঠান ইস্টার্ন পলিমারের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি সুপারিশ করায় আমার এলাকার কিছু মানুষকে ওরা চাকরি দিয়েছে। তিনি এখানে দোষের কী খুঁজে পেলেন? আর নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমি জড়িত আছি এটা সঠিক। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুযায়ী ওখান থেকে লাভ নেওয়ার সুযোগ নেই। সে কারণে আমি হলফনামায় ইউনিভার্সিটির কথা উল্লেখ করিনি। বিএনপি প্রার্থী মঞ্জুকে ‘কাদা ছোড়াছুড়ি’ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন করেন, জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন বলেন, বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু হলফনামায় উল্লেখ করেছেন, তার মাসিক আয় মাত্র ১৬ হাজার ৬৬৭ টাকা, যা বর্তমানে একজন রিকশাচালকের আয়ের চেয়েও কম। তা হলে নজরুল ইসলাম মঞ্জু দেড় কোটি টাকার গাড়িতে চলেন কীভাবে? ড্রাইভারকে কীভাবে ১৫ হাজার টাকা বেতন দেন? গাড়ির তেল কেনেন কীভাবে? ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ কোথা থেকে আসে? আলিশান বাড়িতে বসবাস করেন কীভাবেÑ বাড়িওয়ালাকে জিম্মি করে, নাকি বিনাভাড়ায়? খুলনাবাসী না জানলেও আমরা জানি। আমাদের বাধ্য করবেন না আপনার হাঁড়ির খবর বের করতে। খুলনাবাসীর কাছে আপনাকে প্রকাশ্য করতে।
তিনি প্রশ্ন রাখেন, তালুকদার খালেক মেয়র থাকা অবস্থায় যে ৭০০ কোটি টাকা রেখে এসেছিলেন সেই টাকা কোথায়, কোন কাজে আপনারা ব্যবহার করেছেন?
বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ ব্যাপারে বলেন, আমি খুব সাদামাটা জীবনযাপন করি। আমার ছেলে ঢাকায় টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালায়। আমার গাড়ি কোটি টাকা দামের নয়। ট্যাক্স ফ্রি ওই গাড়িটির দাম পৌনে চার লাাখ টাকা। আমার স্ত্রীর ব্যাংকে থাকা টাকার লভ্যাংশ দিয়ে এবং বাড়িভাড়ার টাকা দিয়ে আমার সংসার চলে।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, নগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি। সূত্র : আমাদরে সময়




