কলেজ ছাত্র হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন
লক্ষীপুরে কলেজ ছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানাসহ আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। লক্ষীপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
আজ বুধবার দুপুরে লক্ষীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজমুল হুদা তালুকদার এ রায় দেন।
এর আগে লক্ষীপুর সদর উপজেলার হামছাদী গ্রামে ২০১১ সালে ডাকাতি কালে দীপ্তকে গুলি করে হত্যা করে ডাকাতরা। রায়ের সময়ে আদালতে পাঁচ জন আসামি উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে আদালতে উপস্থিত ছিল— কামরুল, জাহাঙ্গীর, সাইফুল ইসলাম সুমন, অহিদুর রহমান ও কামাল হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের জুলাই মাসের ২ তারিখ রাতে সদর উপজেলার মধ্য হামছাদী গ্রামে ডাকাতিকালে লক্ষীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপ্ত পালকে গুলি করে হত্যা করে ডাকাতদল। এ ঘটনার পর দিন নিহতের বাবা কার্তিক পাল বাদী হয়ে থানায় মামলা করেন।
পুলিশ ২০১৩ সালের মার্চের ৩ তারিখে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এর মধ্যে অভিযুক্তদের মধ্যে সুজন নামের একজন মারা যান।
আদালত ২২ জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
এদিকে মামলার বাদী এ রায়ের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।




