আমরা কতটা ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে নববর্ষ উদযাপন প্রমাণ করে : জয়া আহসান
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
বিনোদন ডেস্ক ।। কলকাতায় বাংলা নববর্ষ উদযাপন করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এর আগে ওপার বাংলায় এই উৎসব উপভোগ করা হয়নি তার। তবে পশ্চিমবঙ্গে ১৪২৫ সনকে স্বাগত জানানোর ফাঁকে বাংলাদেশকে ঠিকই মিস করেছেন তিনি। ভারতের বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়াকে বাংলাদেশের নববর্ষ, খাবার, ঐতিহ্যসহ অনেক কথাই বলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমটিকে জয়া আহসান বলেন, ‘কলকাতায় নববর্ষ উদযাপন করলাম। কিন্তু আমার বাড়ি অর্থাৎ বাংলাদেশকে খুব মিস করেছি। আর আমি সত্যি জানতাম না, কলকাতায় কীভাবে বাংলা নতুন বছর উদযাপন করা হয়। তবে বাংলাদেশে এর আয়োজন দুর্গাপূজার চেয়ে কম হয় না।’
তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এটি সারা দুনিয়ার মানুষের একবার হলেও দেখা উচিৎ। এটি খুবই রঙিন! আমার মনে হয়, পৃথিবীর আর কোথাও এভাবে নববর্ষ পালন করা হয় না। সব বৈষম্য ভুলে সব ধর্ম গোত্রের মানুষ এতে অংশ নিয়ে থাকেন। বাংলাদেশে নববর্ষ উদযাপন প্রমাণ করে আমরা কতটা ধর্ম নিরপেক্ষ।’

এদিকে বাংলাদেশে জয়ার নতুন ছবি ‘দেবী’র আরেকটি পোস্টার প্রকাশিত হয়েছে। রবিবার (১৫ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পেজে এটি শেয়ার করেন তিনি। এর ক্যাপশনে লেখা, ‘চলুন রানুর রহস্যময় জগতে।’ ছবিটিতে রানু চরিত্রেই দেখা যাবে তাকে। পোস্টারে লাল অক্ষরে উল্লেখ রয়েছে, ‘সবই কি রানুর মনগড়া?’ উত্তর মিলবে রবিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায়। তখন প্রকাশ হবে টিজার।
হুমায়ূন আহমেদের কাহিনি অবলম্বনে অনম বিশ্বাসের পরিচালনায় ছবিটিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এর আগে তার ছবি দিয়ে সাজানো একটি পোস্টার প্রকাশিত হয়। ছবিটিতে আরও আছেন শবনম ফারিয়া, ইরেশ যাকের প্রমুখ। ‘দেবী’ জয়া আহসানের প্রথম প্রযোজনা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও ফেসবুক




