‘লন্ডন ষড়যন্ত্র’ ব্যর্থ প্রধানমন্ত্রীর ঘোষণায় : কাদের
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে লন্ডন থেকে বিএনপি ষড়যন্ত্রের চেষ্টা করেছে বলে দাবি করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ঘোষণায় ‘লন্ডন ষড়যন্ত্রে’ ব্যর্থ হয়ে বিএনপি এখন নিদারুণ হতাশ রয়েছে।
আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার ভুলতা এলাকায় ফ্লাইওভারের কাজ পরিদর্শনকালে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ’কোটা আন্দোলনে রাজনৈতিক একটি মতলবি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করেছিলো।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী ঘোষণা দিয়েছেন। কোটার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হলে বিদ্যমান পরিস্থিতি বাতিল করাই ছিল সময়োপযোগী পদক্ষেপ। প্রধানমন্ত্রী সঠিক সময়ে যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন।’
কোটার বাতিলের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে ন্যায়সঙ্গত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের এই নেতা জানান, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম বাইপাস সড়কে রূপগঞ্জের ভুলতার বাণিজ্যিক এলাকায় ২৪০ কোটি টাকা ব্যায়ে দুটি ফ্লাই ওভারের কাজ চলছে। উড়াল সেতু দুটির দৈর্ঘ্য যথাক্রমে ২ দশমিক ১৩ ও ১ দশমিক শূন্য ৮৪ কিলোমিটার।
চলতি বছরের শেষে কাজ সম্পন্ন হলে আর যানজট থাকবে না উল্লেখ করে চালকদের সহনশীল হওয়ার আহবান জানান তিনি।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু তা কেউ ব্যবহার করেনা। এজন্য জনগণকে সচেতন হতে হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-২ আড়াইহাজারের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।




