এ কী দৃশ্য আইপিএলের গ্যালারিতে!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
দর্শকে ঠাসা গ্যালারি। তিল ধারণের স্থান নেই। এর মাঝেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অসংখ্য দর্শক বসার চেয়ারটি মাথার ওপর তুলে ধরেছেন। ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা দৌঁড়ে যাচ্ছেন মাঠের বাইরে। কারণ আর কিছু নয়, আইপিএলের পঞ্চম দিনেই হানা দিয়েছে বৃষ্টি। তাতেই মাথা বাঁচাতে চেয়ার তুলে মাথার ওপর নিয়েছেন দর্শকরের। এএফপির রসিক ফটোগ্রাফার এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে ভুল করেননি।
জয়পুরে আজ বুধবার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস এবং গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলস। টসে জিতে রাজস্থানকে ব্যাটিয়ে আমন্ত্রণ জানায় দিল্লি। ইনিংস যখন ১৭.৫ ওভারে গড়িয়েছে, ঠিক তখনই আকাশ ভেঙে নেমে এল বৃষ্টি। মুহূর্তেই মাঠের অবস্থা এমন হয়ে গেল যে খেলা বন্ধ করতে বাধ্য হলেন আম্পায়ারেরা। রাজস্থানের সংগ্রহ তখন ৫ উইকেটে ১৫৩ রান।
দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান। ডি’আর্চি শর্ট ৬ রান করে রান-আউট হয়ে যান। তবে অপর ওপনার অধিনায়ক আজিঙ্কা রাহানে ৪০ বলে ৫ বাউন্ডারিতে ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। দামী ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস ১৬ রান করে কিউই পেসার ট্রেন্ট বোল্টের শিকার হন। এছাড়া সঞ্জু স্যামসন ২২ বলে ৩৭ এবং জশ বাটলার ১৮ বলে ২৯ রান করেন। খেলা বন্ধের আগে রাহুল ত্রিপাঠি ১৫ রানে এবং কৃষ্ণাপ্পা গৌতম ২ রানে অপরাজিত ছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলা শুরু হয়নি।




