স্মিথ-ওয়ার্নার এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। কেপটাউন টেস্টের বল টেম্পারিং-কাণ্ডের ‘পাপ’ যেন পিছুই ছাড়ছে না তিন ক্রিকেটারের। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার তো এক বছরের নিষেধাজ্ঞার সঙ্গে হারিয়েছেন নেতৃত্বের দায়িত্ব। ক্যামেরন ব্যানক্রফট পারছেন না মাঠে নামতে নয় মাস। এই তিন খেলোয়াড়কে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) রাখল না কেন্দ্রীয় চুক্তিতেও।
স্মিথরা যখন বাদ পড়েছেন চুক্তি থেকে, নতুন করে তখন পাঁচজনকে বোর্ড অন্তর্ভুক্ত করে নিয়েছে চুক্তিতে। অলরাউন্ডার মার্কাস স্টইনিস, উইকেটইরক্ষক অ্যালেক্স ক্যারি, পেসার অ্যান্ড্রু টাইয়ের সঙ্গে নতুন চুক্তিতে আছেন দুই ভাই কেন রিচার্ডসন ও ঝাই রিচার্ডসন। তবে বর্তমানে অধিনায়ক টিম পেইনকেও রাখা হয়নি নতুন চুক্তিতে।
মূলত ২০১৯ বিশ্বকাপ সামনে রেখেই অপেক্ষাকৃত তরুণদের এমন সুযোগ দেওয়া হয়েছে, বলেছেন নির্বাচক ট্রেভর হন্স। আপাতত স্মিথ আর ওয়ার্নারের অনুপস্থিতে টেস্ট ক্রিকেটে একটু পিছিয়েই গেছে অস্ট্রেলিয়া। তাই ওয়ানডে ক্রিকেটকেই চোখটা রাখছে সিএ।
![]()
![]()
![]()
![]()
হন্সের ভাষ্যে, ‘ওঁরা না থাকায় আমরা এখন নজর দিচ্ছি ওয়ানডে ম্যাচগুলোর দিকে। ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে গড়াতে যাওয়া ২০১৯ বিশ্বকাপ জিতে আমরা টানা দুবার শিরোপা জিততে চাই।’
দক্ষিণ আফ্রিকার মাঠে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালে বলের আকৃতি নষ্ট করার দায় চেপেছিল অস্ট্রেলিয়া দলের ঘাড়ে। স্মিথ অবশ্য সব দোষ নিজের ঘাড়ে নিয়ে বাঁচাতে চেয়েছিলেন ওয়ার্নার ও ঘটনার মূল নায়ক ব্যানক্রফটকে। শেষ রক্ষা আর হয়নি। আপাতত পরের একটা বছর অস্ট্রেলিয়ার হয়ে মাঠের বাইরেই থাকতে হচ্ছে এই তিনজনকে।
নতুন চুক্তিতে আছেন যে অসি ক্রিকেটাররা : অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল মার্শ, টিম পেইন, ম্যাট রেনশো, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি, অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন ও জাই রিচার্ডসন।




