215048

পাক-ভারত দ্বন্দ্বে এশিয়া কাপ আরব আমিরাতে





স্পোর্টস ডেস্ক : পাক-ভারত দ্বন্দ্ব নিয়ে ১৪তম এশিয়া কাপের আয়োজক নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আইসিসিকে। এবারের এশিয়া কাপ যে ভারতে বসছে না তা আগেই অনুমান করা হয়েছিল। এশিয়া কাপের আসর কোথায় বসবে তা নিয়ে জল্পনা-কল্পনা ঘুরপাক খাচ্ছিল সবার মনে। গুঞ্জন উঠেছিল বাংলাদেশকে নিয়েও। সর্বশেষ তিন আসরের এশিয়া কাপ সফলতার সঙ্গে আয়োজন করায় বাংলাদেশের পক্ষে ভোট দিচ্ছিলেন অনেকেই। কিন্তু টানা চতুর্থবারের মতো বাংলাদেশে বসছে না এশিয়া কাপ।

মধ্যপ্রাচ্যেই বসছে এবারের এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাত চলতি বছর এশিয়া কাপ আয়োজন করবে। ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ার দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন হবে ছয় দেশ নিয়ে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান সরাসরি অংশ নিবে। সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল এবং ওমানের থেকে যে কোনো একদল ষষ্ঠ দল হিসেবে যোগ দিবে এশিয়া কাপের মূল আয়োজনে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এসিসি। ভারতে এশিয়া কাপ আয়োজন করলে পাকিস্তান অংশ নিবে না তা আগের থেকেই জানা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি ক্রিকইনফোকে বলেন,‘এশিয়া ক্রিকেট কাউন্সিল সবদিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এশিয়া কাপকে সামনে এগিয়ে নেওয়ার এটাই সেরা উপায়।’

এদিকে এপ্রিলে ইমার্জিং এশিয়া কাপ আয়োজনের কথা ছিল। এ বছরই টুর্নামেন্টটি হবে ডিসেম্বরে। শ্রীলঙ্কা ও পাকিস্তান যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করবে।

ad

পাঠকের মতামত