215119

ছেলের গানের ভিডিওতে মডেল বাবা





বিনোদন ডেস্ক।। এবার নতুন গান গেয়েছেন হাবিব। গানটি তৈরি করছেন পহেলা বৈশাখ উপলক্ষে। গানের শিরোনাম ‘ঝড়’। জানা গেছে, এই মিউজিক ভিডিওর গল্পে হাবিবের প্রেমিকা শার্লিনা হোসেন। ফেরদৌস ওয়াহিদ এই প্রেমিকার বাবা। মেয়েকে হাবিবের কাছ থেকে উদ্ধার করার জন্য অদিত আর তৌফিককে নিয়ে হাবিবের ওপর ঝাঁপিয়ে পড়েন। হাবিবকে রক্ষা করতে চায় তার সহকারী প্রীতম হাসান! তবে শেষ পর্যন্ত কী হলো, তা জানার জন্য অপেক্ষা করতে হবে পহেলা বৈশাখ পর্যন্ত।

মিউজিক ভিডিওটি এখনো আসেনি। কিন্তু এরই মধ্যে তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এবার ছেলের গানের ভিডিওতে মডেল হয়েছেন বাবা ফেরদৌস ওয়াহিদ। ‘ঝড়’ গানটি তৈরি করছে গানচিল।

হাবিব বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিওতে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। তার অংশ হিসেবে গল্প সাজানো হয়েছে। এবারই প্রথম আমার গানের ভিডিওতে মডেল হয়েছেন বাবা। তা-ও আবার আমার গার্লফ্রেন্ডের বাবার ভূমিকায়! মেয়েকে রক্ষা করার জন্য আমার ওপর হামলা করেন অদিত আর তৌফিককে নিয়ে। তাদের সঙ্গে মারামারির দৃশ্যটি দারুণ উপভোগ করেছি।’




ফেরদৌস বলেন, ‘এটা ব্যতিক্রমী একটি কাজ হয়েছে। গল্পটি পুরান ঢাকার একটি পরিবার আর একজন প্রেমিকের! আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব মজার অভিজ্ঞতা হয়েছে। আশা করি, সবাই উপভোগ করবেন।’

কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই। ‘ঝড়’ গানের ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। শার্লিনা হোসেন এর আগে হাবিবের ‘চলো না’ গানের মডেল হয়েছেন।

ad

পাঠকের মতামত