215108

ইন্দোনেশিয়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর মিছিল





মুসলিম জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ ইন্দোনেশিয়ায় দেশীয় মদ পান করে গত ২৪ ঘণ্টায় বহু মানুষের মৃত্যু হয়েছে। জাকার্তা ও পশ্চিম জাভা প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে। সংখ্যার দিক থেকে এটিই দেশটিতে বিষাক্ত মদপানে মৃত্যুর সবচেয়ে বড় ঘটনা।

অস্ট্রেলিয় বার্তা সংস্থা এবিসি নিউজ জানাচ্ছে, ৮২ জনের মৃত্যুর খবর নিশ্চিত। তবে চোলাই মদ গিলে অসুস্থ হয়ে পড়া অনেকেরই অবস্থা গুরুতর। এতে মৃতের সংখ্যা আরো বাড়তেও পারে। হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন অন্তত ১০০ জন।

মুসলিম প্রধান ইন্দোনেশিয়ায় মদের ওপর উচ্চহারে কর আরোপ করা হয়েছে। তাই অনেকে সস্তা দরের চোলাই মদ কিনে পান করেন থাকেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, দেশীয় প্রথায় ওই মদ তৈরিতে মশার ওষুধ ও বিভিন্ন বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। সেই চোলাই পান করার পরই একে অসুস্থ হতে থাকেন অনেকে। এর জেরে ছড়িয়েছে আতঙ্ক।

এদিকে বিষাক্ত মদ তৈরির সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোলাইয়ে কত পরিমাণ বিষাক্ত উপকরণ মেশানো আছে সেটা সংগ্রহ করে দেখা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় বিষাক্ত মদ পান করে প্রায়ই মৃত্যু হয়। ২০১৬ সালে স্থানীয়ভাবে তৈরি মদ পান করে দেশটিতে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্র আন্তর্জাতিক পর্যটনের জন্য বিখ্যাত।

দেশটির আচেহ প্রদেশটি প্রায়ই সংবাদ শিরোনামে আসে। কড়া ধর্মীয় শাসন এখানে প্রচলিত। সেই আইন ভাঙলেই প্রকাশ্যে মহিলা ও পুরুষদের শাস্তি দেওয়া হয়।

সূত্র: এবিসি নিউজ

ad

পাঠকের মতামত