বক্তব্য প্রত্যাহার না করলে জাবিতে অবাঞ্ছিত মতিয়া
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্য আগামী ৩ দিনের মধ্যে প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মিছিল পরবর্তী এক সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘লজ্জা করে না? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আমি মনে করি, সত্যিকারের যারা জ্ঞানের চর্চা করছে, সবার জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায়। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ করেছিল, তাদের ছেলেমেয়ে বা বংশ, সেই আরেকটি সিঁড়ি, তারা সুযোগ পাবে না। ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত করতে হবে।’
মতিয়ার এ বক্তব্যের প্রতিবাদে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বেড়ে ওঠেছে। কিন্তু মতিয়া চৌধুরী জাতীয় সংসদে আমাদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত হতাশাজনক ও জাতির জন্য অপমানকর। আগামী ৩ দিনের মধ্যে তিনি এ বক্তব্য প্রত্যাহার না করলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
এদিকে গতকাল সোমবার কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ৩ দিনের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।




