ওবায়দুল কাদের যা বলেছেন তা-ই সরকারের বক্তব্য
কোটা সংস্কারের বিষয়ে ওবায়দুল কাদের যে সিদ্ধান্ত দিয়েছেন তা-ই সরকারের বক্তব্য বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ৯ এপ্রিল ২০১৮ কোটা সংস্কার আন্দোলনকারী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের দায়িত্বশীল মন্ত্রী হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেটাই সরকারের বক্তব্য।
বিজ্ঞপ্তিতে কোটা সংস্কারের বিষয়ে অন্য কেউ যদি কিছু বলে থাকে সেটা তার ব্যক্তিগত মতামত বলেও জানানো হয়। এতে আরও বলা হয়েছে, ‘সরকারি বক্তব্য হচ্ছে, আগামী ৭ মে ২০১৮ এর মধ্যে এ (কোটা সংস্কার) বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’
এর আগে গতকাল সোমবার সরকারি চাকরিতে কোটা সংস্কারের পাঁচ দফা দাবি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা।
এদিন বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে সেতুমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পদক আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, কানিজ ফাতেমা আফসানা সাফা, একরামুল হক, আল ইমরান হোসাইন, লীনা মিত্র, আরজিনা হাসান, লুবনা জাহানসহ ২০ সদস্যের প্রতিনিধি দল।




