কোটাবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
![]()
![]()
![]()
![]()
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কার দাবিতে এবং ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ডাকা ছাত্র ধর্মঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। এছাড়া ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাজার হাজার শিক্ষার্থী।
পূর্ব ঘোষিত ক্লাস বর্জন কর্মসূচি সফল করতে সোমবার সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরুদ্ধ করায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা।
মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘পিতা তুমি ফিরে এসো, বৈষম্য দূর করো’, ‘মরতে হলে একসঙ্গে মরবো, তবুও দাবি আদায় করে ছাড়বো’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে রোববার রাতে কেন্দ্র ঘোষিত অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের কর্মসূচিও চলছে রাবিতে। সোমবার সকালে কোন বিভাগে ক্লাস অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়নি।




