স্কুল বাস খাদে পড়ে ২৪ শিশুসহ নিহত ২৭
ভারতের হিমাচল প্রদেশে সোমবার বিকালে একটি স্কুল বাস খাদে পড়ে গেলে ২৪ শিশুসহ ২৭ জন নিহত হন বলে জানিয়েছে দেশটির হিন্দুস্তান টাইমস পত্রিকা। এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় ২৬ শিশু নিহত হয়েছে।
ডেপুটি কমিশনার সন্দিপ কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘কাঙরা জেলার কাছে একটি খাদে স্কুল বাসটি পড়ে গেলে ২৪ শিশুসহ মোট ২৭ জন নিহত হন।’
ওই জেলার পুলিশ সুপার সন্তোষ পাতিয়াল জানান, নিহত সব শিশুরই বয়স দশের নিচে। প্রাপ্তবয়স্ক যে তিনজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ড্রাইভার ও দুই জন শিক্ষক।
পাতিয়াল আরো বলেন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ এখনো বেশ কয়েকটি শিশু দুমড়ানো-মোচড়ানো বাসের মধ্যে আটকা পড়ে রয়েছে।
বাসটি ভাজির রাম সিং স্কুলের ছাত্রদের বহন করছিল।
একজন প্রত্যক্ষদর্শী জানান, রাস্তার একটি তীক্ষ্ণ বাঁকের কাছে এসে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা তৎপর রয়েছেন।




