214664

সাকিব-তামিমের মা’কে আর ভিক্ষা করতে হবে না





ছয় বছর আগে মারা গেছে বাবা। মাও অসুস্থ। উপায় নেই-তাই ভিক্ষা করেই চলতে হচ্ছে সাকিব-তামিমদের। খেয়ে না খেয়ে কখনো ফুট ওভারব্রিজ কখনো খোলা আকাশের নিচেই চলে তাদের লেখাপড়া।

তবে তাঁদের মাকে আর ভিক্ষা করতে হবে না পড়ালেখার খরচ জোগাতে। এখন থেকে তারা নিয়মিত স্কুলে যাবে। নিয়মিত প্রাইভেট শিক্ষককে বেতন ও বাড়ি ভাড়া দেবে। এজন্য তাদের মাকে আর রাজধানীর শ্যামলীতে ওভারব্রিজের নিচে সন্তানদের নিয়ে বসে মানুষের কাছে হাত পাততে হবে না।

দেশের স্বনামধন্য কম্পানি ইউএস বাংলা গ্রুপের ডিরেক্টর মাহবুব ঢালি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়া পর্যন্ত প্রতি মাসে সাকিব ও তামিমের পড়ালেখা বাবদ ১০ হাজার টাকা এবং প্রতি দুই মাস অন্তর অন্তর তাদের জন্য কাপড় দেবেন তিনি।

রবিবারর সন্ধ্যায় সাকিব ও তামিমের মায়ের সঙ্গে কথা বলে এ আশ্বাস দেন মাহবুব ঢালি। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা প্রতিমাসে সাকিব ও তামিমের মায়ের ব্যাংক হিসাব নম্বরে দিয়ে দেয়া হবে। এছাড়া দুই ঈদে টাকার পরিমাণ বাড়িয়ে দেয়া হবে। যেন তারা ভালোভাবে ঈদ করতে পারে। আমি চাই তারা বড় হয়ে ভালো হোক। তারাও যেন সাধারণ মানুষের উপকারে আসতে পারে।

সাকিব-তামিমের মা সাথী আক্তার বলেন, আসলে সংবাদটি প্রকাশ হবার পর অনেকগুলো ফোন পেয়েছি। কিন্তু উনার (ইউএস বাংলা গ্রুপের ডিরেক্টর মাহবুব ঢালি) শর্ত আমার পছন্দ হয়েছে। তিনি টাকা ব্যাংকে দিতে চেয়েছেন। আশা করি আর কোনো সমস্যা হবে না।

এদিকে এ ঘটনার মূল উপত্তিকারক তানিম তুর্য জানান, আজ আমি খুব খুশি। এত দ্রুত একটি সমস্যার সমাধান হবে ভাবতে পারিনি। তিনি ইউএস বাংলা গ্রুপের ওই কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

রবিবার কালের কণ্ঠ অনলাইনের পাঠকের কথা বিভাগে সাকিব-তামিম কি ভিক্ষা করেই পড়বে? শিরোনামে মামুন বিশ্বাসের একটি পোস্ট প্রকাশ হয়।

ad

পাঠকের মতামত