214536

ঢাবি উপাচার্যের গাড়িতে আগুন, বাসায় ভাংচুর





ডেস্ক রিপোর্ট : পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে যাওয়া ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের গাড়িতে আগুন এবং তার বাসা ভাংচুর করেছে।

আন্দোলনকারীরা বলছেন, পুলিশরা ঢাবি শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করলে ও রাবার বুলেট ছুঁড়লেও ঢাবি কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। তাই তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

রবিরার (৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে শাহবাগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা টিএসসির দিকে পিছু হটতে থাকলে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করতে থাকে। চাকরিপ্রার্থীরাও ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।




এরপর থেকেই আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। রাত ১টার দিকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা অবস্থান নেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনের সামনে। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের মধ্য থেকে ইট-পাটকেল ছুঁড়ে দেওয়া হলে উপাচার্যের বাসভবনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে। বিক্ষোভকারীরা উপাচার্যের ভবনের গেট ভেঙে ভেতরে ঢোকারও চেষ্টা করেন।

আন্দোলনকারী তানভির হাসান নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের ওপর পুলিশ লাগাতার টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনও কথাও বলেনি। অথচ অভিভাবক হিসেবে আমাদের পাশে তাদেরই দাঁড়ানোর কথা ছিল।

পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন আন্দোলনকারী আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া, তিন পুলিশ সদস্য ও এটিএন বাংলার ক্যামেরাম্যান মনির আহত হয়েছেন।

ad

পাঠকের মতামত