214758

টসের সময় সাকিবের নামই ভুলে গিয়েছিলেন উইলিয়ামসন (ভিডিও)





স্পোর্টস ডেস্ক:
আইপিএলে প্রতিটি দলেই চারজন করে বিদেশি খেলোয়োড় রাখা বাধ্যতামূলক। এ কারণে প্রতিটি দলই চারজন বিদেশিসহ বাকি সাতজন দেশি (ভারতীয়) খেলোয়াড় নিয়ে কম্বিনেশন সাজানোর পরিকল্পনা করে। বিদেশিদের কে কেমন, তার ওপর অনেকটাই নির্ভর করে ওই দলটির শক্তি কেমন। টসের সময়ই সঞ্চালক অধিনায়ককে প্রশ্ন করে জিজ্ঞাসা করে নেন, আজ কোন চারজন বিদেশি ক্রিকেটারকে খেলানো হচ্ছে।

এরই ধারাবহিকতায় আইপিএলের তৃতীয় দিন মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের দুই অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং কেন উইলিয়ামসন নামেন টস করতে। সেখানেই নিউজিল্যান্ডের সাবেক স্পিড স্টার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন প্রথমে বিদেশি খেলোয়াড় কে কে প্রশ্ন করেন রাজস্থান রয়্যালস অধিনায়ক রাহানেকে।

রাহানে তার দলের চার বিদেশির নাম বলার পর প্রশ্ন চলে আসে সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসনের প্রতি। সেখানে উইলিয়মাসন শুরু করে রশিদ খানের নাম দিয়ে। এরপর বলেন বিলি স্ট্যানলেকের নাম। তিন নম্বরে নিজেকে পরিচয় করিয়ে দেন অন্য বিদেশি হিসেবে। চতুর্থ নামটি বলতে গিয়েই গড়বড় করে ফেলেন উইলিয়ামসন। চতুর্থ বিদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। অথচ, তিনি বাংলাদেশি ক্রিকেটারের নামটিই ভুলে গেলেন।

ড্যানি মরিসন তার মুখের সামনে মাইক্রোফোন ধরে রাখলেন। কিন্তু উইলিয়ামসন নামটাই মনে করতে পারছিলেন না। মুখে বলছিলেন শুধু, ‘ওয়ান মোর… ওয়ান মোর…’। বলতে বলতে নাম মনে আনার জন্য তিনি ফিরে তাকান ড্রেসিং রুমের দিকে। কয়েক মুহূর্তেও নাম মনে না আসায় আজিঙ্কা রাহানেকে জিজ্ঞাসা করে জানতে চান তার চতুর্থ বিদেশি ক্রিকেটারের নাম। অবশেষে মনে পড়লো। ধীরে ধীরে উচ্চারণ করলেন… ‘সাকিব আল হাসান। ওয়ান অ্যান্ড অনলি।’ড্যানি মরিসনও বললেন, ‘রিয়েলি ওয়ান অ্যান্ড অনলি, জেনুইন।’

উইলিয়ামসনের সাকিবের নাম ভুলে যাওয়াকে মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকটে ভক্তরা। এমনকি বিশিষ্ট ক্রিকেট বিশ্লেষক এবং প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক, জাগো নিউজের বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু এ ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ। নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে তিনি বেছে নিলেন ফেসবুক। সেখানে লিখেন, ‘একাদশে চার বিদেশী কারা?টসের সময় নিউজিল্যান্ডের সাবেক স্পিড স্টার ড্যানি মরিসনের প্রশ্ন। উত্তরে সাকিব আল হাসানের নামই ভুলে গেলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। হায়রে কপাল! সব সময় আমাদের সাথেই এসব হয়? এটাকে দুর্ভাগ্য বলা যায় না কিছুতেই। এটাও এক ধরনের উন্নাসিকতা। সাকিব ব্যাট ও বলে জ্বলে উঠে কি এর জবাব দিতে পারবেন?’

ad

পাঠকের মতামত