খেলতে গিয়েই জীবনের রেসে হার মানলেন তিনি
![]()
![]()
![]()
![]()
জীবনের রেসে মৃত্যুকে টেক্কা দিতে পারলেন না মাইকেল গুলায়ের্টস। প্যারিসে প্রতিযোগিতা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চললেও শেষ পর্যন্ত অকালেই থেমে গেল ২৩ বছর বয়সি বেলজিয়ান সাইক্লিস্টের গতি।ভীষণ দূর্গম ও কাটামাটির পথের জন্য ফ্রান্সের এই সাইকেল রেস ‘উত্তরের নরক’ নামে পরিচিত। ভেরান্দাস উইলেমস-ক্রেলান টিমের হয়ে এই প্রথমবার প্যারিস-রুবে ওয়ান ডে ক্লাসিক রেসে অংশ নিয়েছিলেন গুলায়ের্টস।
জানা গেছে, রেস চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে কোর্সের পাশে ছিটকে পড়েন তিনি। ২৫৭ কিলোমিটার দীর্ঘ কোর্সের সবেমাত্র ১০০ কিলোমিটার অতিক্রম করেছিলেন। রেসের মেডিক্যাল টিমের সিপিআর ট্রিটমেন্টের পর তড়িঘড়ি হেলিকপ্টারে করে হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। লিলের হাসাপাতালে সমস্ত লাইফ সাপোর্ট সিস্টেম ব্যর্থ করে মৃত্যুর মুখে ঢলে পড়েন গুলায়ের্টস।
উইলেমস-ক্রেলান দলের পক্ষ থেকে গুলায়ের্টসের মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, ‘স্থানীয় সময় রবিবার রাত ১০টা ৪০ মিনিটে সমস্ত লাইফ সাপোর্ট ব্যর্থ করে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় দলের সদস্য ও আমাদের প্রিয় বন্ধু মাইকেল গুলায়ের্টসের। মৃত্যুর সময় হাসপাতালে ওর পরিবার পাশে ছিল। আমরা এই ঘটনায় শোকাহত। গুলায়ের্টসের পরিবারের জন্য সমবেদনা।’
সাম্প্রতিক সময়ে এই নিয়ে তিনজন বেলজিয়ান রেসার প্রতিযোগিতা চলাকালীন মারা গেলেন। ২০১৬ জেন্ট-উিভেলজেম রোড ক্লাসিকে মোটরবাইট দূর্ঘটনায় মারা গিয়েছেন অ্যান্তোইন দেমোইতি। ২০১১ জিরো ডি’ইতালিয়ায় দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় সাইক্লিস্ট ওউটার ওয়েইল্যান্ড।




