আজ দুই সিটির প্রার্থী ঘোষণা দেবে বিএনপি
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন ঘোষণা দেওয়া হবে আজ সোমবার (৯ এপ্রিল)। মনোনয়ন বোর্ডে আলোচনার পর সিদ্ধান্ত নিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা জানান।
বিএনপির মনোনয়ন বোর্ডের সূত্র জানায়, গাজীপুরে হাসান উদ্দিন সরকার ও খুলনায় মনিরুজ্জামান মনিকে এগিয়ে রাখা হয়েছে। বিশেষ করে খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী করার ইচ্ছা হাইকমান্ডের থাকলেও তার অপারগতায় মনিকেই সামনে রাখছে মনোনয়ন বোর্ড।
মনোনয়ন বোর্ডের সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘প্রার্থী নির্ধারণ নিয়ে মনোনয়ন বোর্ডে আলোচনা হলেও অনেকের মতামত নেওয়া এখনও বাকি আছে। অন্যান্যদের মতামত নিয়েই প্রার্থী চূড়ান্ত করা হবে।’
রবিবার (৮ এপ্রিল) বিকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দুই সিটির সম্ভাব্য আগ্রহীদের সাক্ষাৎকার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড। রাত ৯টার দিকে দুই সিটির ১০ জনের সাক্ষাৎকার গ্রহণ শেষ হয়। তবে বোর্ডের বৈঠকে স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও নজরুল ইসলাম খান অনুপস্থিত ছিলেন।
দলের একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির এই তিন সদস্যের অনুপস্থিতির কারণেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা দেয়নি বিএনপি। আজ আবারও বৈঠকে বসে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। এরপরই প্রার্থীদের নাম ঘোষণা করবে বিএনপি।
![]()
![]()
![]()
![]()
বোর্ডের সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রবিবার রাতে বলেন, ‘কাল (সোমবার) বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এরপর গণমাধ্যমে জানানো হবে। তবে কখন, কীভাবে জানানো হবে— তা এখনই বলা যাচ্ছে না।’
বিএনপির গুলশান কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খানও জানান, রবিবার রাত ৯টার দিকে সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ হয়। তিনি বলেন, ‘সাক্ষাৎকার নেওয়া শেষ হলেও আজ (রবিবার) প্রার্থীদের নাম ঘোষণা করা হবে না। এটা পরে জানানো হবে।’
শায়রুল কবির খান জানান, খুলনা সিটিতে মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম। আর গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটির বর্তমান মেয়র এম এ মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র মান্নানের ছেলে এম মনজুরুল করীম, গাজীপুর জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার, আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন। উৎস : বাংলা ট্রিবিউন




