214260

শিফন থেকে জামদানিতে খালেদা





নিউজ ডেস্ক্।। ঘড়ির কাঁটায় তখন ঠিক বেলা ১২.৪০ মিনিট। হঠাৎ করেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লুকের নিচতলার পুলিশ সদস্যরা সতর্ক হয়ে উঠলেন। ভেতরে তাকাতেই কিছুক্ষণের জন্য আটকে যায় চোখ। চিরচেনা সেই ফিনফিনে ফরাসি শিফন শাড়িতে নয়, সাদা আর কালো রংয়ের মিশেলে দেশি জামদানি শাড়ি পরিহিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হেঁটে আসছেন ধীর গতিতে। গায়ের রংয়ের সঙ্গের শাড়ির রংটা মিলেমিশে একাকার।

চোখে হালকা গোলাপি রংয়ের চশমা, আর ঠোঁটের কোণে অস্ফুট মৃদু হাসি। বাঙালি রমণীর চিরচেনা রূপে এ যেন নতুন খালেদা! গতকাল শনিবার দুপুরে কারাগার থেকে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা করতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে এমন দৃশ্যের সৃষ্টি হয়। এমন কোমল সাজে দীর্ঘ দুমাস পরে প্রিয় নেত্রীকে চোখের সামনে দেখে উপস্থিত নেতাকর্মীরাও যেন বিস্মিত। দলের অনেক নেতাকর্মীই নিজেরা বলাবলি করছিলেন, ‘এ আমরা কাকে দেখছি, ম্যাডামকে তো চেনাই যাচ্ছে না’।

কারা সূত্রে জানা যায়, কারাগারের পোশাকের আদলেই সাদা ও কালোর কম্বিনেশন করে অর্ডার দিয়ে বিএনপি প্রধানের জন্য ওই জামদানি শাড়ি আনা হয়েছে। কারা কর্তৃপক্ষেই ইচ্ছাতেই কারা পোশাকের বদলে তাকে এই জামদানি শাড়ি পরানো হয়েছিল।

জানা যায়, খালেদা জিয়ার শাড়ি নির্বাচন নিয়ে রাজনীতিতে বিভিন্ন আলোচনা-সমালোচনা রয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পাতলা ফিরফিনে শিফন শাড়ি পড়া তার জন্য বেমানান- প্রকাশ্যেই এমন সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের অনেক এমপি-মন্ত্রী। কিন্তু এসব কথা কখনোই কানে তোলেননি খালেদা জিয়া। বরং বিভিন্ন দেশ থেকে অর্ডার দিয়ে নজরকড়া সব রংয়ের শিফন শাড়ির সঙ্গে মিলিয়ে ওড়না নিয়ে আসতেন। তবে এক এগারোর আগের সময়টাতে বিভিন্ন ক‚টনৈতিক বৈঠকে অনেক রংয়ের মিশেলে জামদানি শাড়ি পরতে দেখা গেছে তাকে। জিয়াউর রহমানের পছন্দেই তিনি বিয়ের পরে জামদানি শাড়ি পড়া শুরু করেন। কিন্তু স্বামীর মৃত্যুর পরে ইচ্ছে করেই জামদানি শাড়ি এড়িয়ে যেতেন সাবেক এই প্রধানমন্ত্রী।




খালেদা জিয়ার উপস্থিতিতেই এক মুক্তিযোদ্ধা সমাবেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী তাকে উদ্দেশ্য করে বলেন, ম্যাডাম আপনি একজন জনপ্রিয় নেত্রী। আমাদের নেত্রী সুন্দরী। জনগণ আপনাকে পছন্দ করে। জর্জেট ও শিফন শাড়ি পরলেও আপনাকে জামদানি শাড়িতে অপূর্ব লাগে। জামদানি শাড়ি পরা অবস্থায় কয়েকদিন আগে একটি পত্রিকায় আপনার ছবিও দেখেছি। আজ আপনি শিফন শাড়ি পরেছেন। তবে জামদানিতে আপনার ছবিটি অপূর্ব লেগেছে। এ সময়ে প্রধান অতিথির আসনে বসা খালেদা জিয়া মুচকি মুচকি হাসছিলেন। তার পরনে ছিল হালকা নীলের শিফন ও ধূসর রংয়ের চাদর।

জানা গেছে, পরিবারকে সময় দিতে এবং চিকিৎসার জন্য খালেদা জিয়া যখন লন্ডনে গিয়ে কিংসটনে তারেক রহমানের বাসায় উঠতেন, তারেক রহমানের কন্যা জাইমা রহমানও দাদির শাড়ির প্রশংসা করত। গত কোরবানি ঈদে দাদির কাছে শাড়ির আবদার করে বসেছিল জাইমা। উৎস : ভোরের কাগজ

ad

পাঠকের মতামত