আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটি
![]()
![]()
![]()
![]()
শুরু থেকেই বেশ জমে উঠেছে আইপিএলের একাদশ আসর। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার উদ্বোধনী ম্যাচটা ছিল নাটকীয়তায় ভরা। লোকেশ রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে আজ দ্বিতীয় ম্যাচটাও ছড়িয়েছে রোমাঞ্চ। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে আইপিএল ইতিহাসের দ্রুততম অর্ধশতক তুলে নিয়েছেন রাহুল।
আজ রোববার বিকেলে মোহালিতে আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৬৬ রান তোলে দিল্লি। পরে জবাব দিতে নেমে দিল্লি বোলারদের উপর দিয়ে রীতিমতো টর্নেডো বাইয়ে দিয়েছেন রাহুল।
সবচেয়ে বেশি কাঁদিয়েছেন অমিত মিশ্রকে। মিশ্রর করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম পাঁচ বল থেকেই ২৪ রান তোলেন রাহুল। অর্ধশতক পূর্ণ হয় তাতেই। ১৪ নম্বর বলে গিয়ে ফিফটি পূর্ণ করেন ভারতীয় ওপেনার। আইপিএল ইতিহাসে অতীতে এতো কম বল খেলে ফিফটি করতে পারেননি কোনো ব্যাটসম্যানই।
আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি যৌথভাবে ছিল সুনিল নারিন ও ইউসুফ পাঠানের দখলে। দুজনই কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে ১৫ বলে ফিফটি করেছিলেন। দুজনকে পেছনে ফেলে আজ ইতিহাস গড়লেন রাহুল। অবশ্য ইতিহাস গড়ার পর বেশিক্ষণ উইকেট থাকতে পারেননি। শেষ পর্যন্ত ১৬ বল খেলে ৫১ রান করে আউট হয়েছেন রাহুল, স্ট্রাইকরেট ৩১৮! ভাবা যায়।




