213977

প্রতারণা প্রশ্নফাঁসের নামে: ফাঁসল এবার ওসির ছেলে





নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন সরবরাহের ঘোষণা দেয়া তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই তরুণের নাম মো. এহসানুল কবির। তিনি রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়ার ছেলে। রাজধানীর মালিবাগ বাজার রোডের শেলটেক ড্রিম ভবনের একটি ফ্ল্যাটে থাকতো সে। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার গোরিয়ালি গ্রামে।

এহসানুলের বাবা পুলিশ পরিদর্শক বাবুল মিয়া জানান, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। তার অটিজমের সমস্যা আছে। সে এসবে জড়িত না।

র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ঘোষণা দিয়েছে- ‘সবাইকে প্রশ্ন দেবো, তবে অরজিনাল ছাত্র হতে হবে, আগে কমন, পরে টাকা’, প্রশ্ন আউট হওয়া মাত্রই আমি তোমাদের দিয়ে দেবো, রিয়েল প্রশ্ন বের হলে আমিই দেবো, তোমাদের বলতে হবে না।

র‌্যাব আরো জানায়, এহসানুল টাকার বিনিময়ে মোবাইল ফোনে ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে সংগ্রহ ও বিতরণ করতো।




এহসানুল কবির নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপের ‘Per Question ৩০০ টাকা HSC’ এবং ফেসবুকের নিজস্ব আইডি ‘Kusen Deta’ খুলে প্রশ্নফাঁস সংক্রান্ত বিভিন্ন প্রচারণা চালাতো। সে নিজেই ওই গ্রুপগুলোর অ্যাডমিন।

র‌্যাবের দাবি, সে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস এবং এ সংক্রান্ত লোভনীয় ও অনৈতিক প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতো।

এহসান কবিরের ব্যবহৃত মোবাইলে ম্যাসেঞ্জার গ্রুপের সদস্য সংখ্যা হাজারের বেশি। নামে-বেনামে তার নামে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপ রয়েছে। উৎস: বিডি-জার্নাল।

ad

পাঠকের মতামত