214183

জার্সি খুলে দৌড়াবেন কোহলি!





২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ ফাইনাল জিতে লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে ওড়ানোর ঘটনা দেখেছে ক্রিকেটবিশ্ব। যে ঘটনা কারোর কারণে নিন্দিত হয়েছে, আবার কেউ কেউ করেছেন প্রশংসা। ২০১৯ বিশ্বকাপে বিরাট কোহলির হাতে ট্রফিটা উঠলে এই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে পারে। অক্সফোর্ড স্ট্রিটে জামা খুলে ‘সিক্স প্যাক’ দেখাতে পারে টিম কোহলি। শনিবার (৭ এপ্রিল) কলকাতায় বোরিয়া মজুমদারের ‘ইলেভেন গডস অ্যান্ড এ বিলিয়ন ইন্ডিয়ান্স’ বইয়ের উদ্বোধনে পূর্বসূরির সামনে এমনই ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক।

কোহলির সামনেই লর্ডসে তার জার্সি ওড়ানোর ঘটনার স্মৃতিচারণা করে সৌরভ বলেন, ‘এবার বিরাটকে দেখব অক্সফোর্ড স্ট্রিটে জার্সি খুলতে। ফটোগ্রাফাররা তার প্রস্তত থাকবে৷ কোহলির সিক্স প্যাক দারুণ। ২০১৯ বিশ্বকাপ জিতে বিরাট জার্সি খুললে আমি অবাক হব না।’ সৌরভের কথায় রেশ টেনে মজার ছলে বিরাট বলেন, ‘শুধু আমি কেন, আমার দলে আরও অনেকের সিক্স প্যাক রয়েছে। ১২০ শতাংশ নিশ্চিত হার্দিক আমাকে অনুসরণ করবে। বুমরাহ ও দলের আরও অনেকের সিক্স প্যাক রয়েছে।’

দেড় দশক আগে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালে ইংল্যান্ডের ৩২৫ রান তাড়া করে চ্যাম্পিয়ন হয়েছিল সৌরভের ভারত৷ যা ভারতীয় ক্রিকেটের মাইলস্টোন হয়ে গিয়েছে। সৌরভদের মাইলস্টোন সৃষ্টির সময় কোহলির বয়স ছিল মাত্র ১৩৷ কৈশরে সৌরভদের ট্রফি জয়ের স্মৃতিচারণ করে বিরাট বলেন, ‘ ওই রাতের কথা আমার পরিষ্কার মনে আছে, ভারত দারুণ শুরু করেছিল। কিন্তু ৩২৫ রান তাড়া করাটা সহজ ছিল না। তবে আমি ভারতীয় ইনিংসের মাঝে ঘুমিয়ে পড়েছিলাম। পরে দাদা আমাকে ঘুম থেকে তুলে বলে আমরা জিতে গিয়েছি। তার পর আমরা জয়ের আনন্দ করি।’

কোহলির সামনেও ইংল্যান্ডের মাটিতে বিশ্ব জয়ের হাতছানি রয়েছে। ২০১৯ বিশ্বকাপে টিম বিরাটের চ্যাম্পিয়ন সম্ভবনা রয়েছে। প্রাক্তন ভারত অধিনায়কের মতে, ‘আমি আশা করব বিরাটরা বিশ্বকাপ জিতবে।গত বছর ইংল্যান্ড বিরাটের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে।’

লর্ডসে ইংল্যান্ডে হারিয়ে ট্রফি জেতার পর সৌরভের জার্সি খোলার ঘটনাকে স্বাভাবিক বলেও মনে করেন বর্তমান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

বিরাট বলেন, ‘আমরা রোবট নয়, আমার মনে হয়, ঘটনাটা ছিল স্বাভাবিক। সেই মুহূর্তে মনে হবে না তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছে, লর্ডসের ব্যালকনিতে না, অন্য কোথাও।এটা ছিল সম্পূর্ণ মানবিক আবেগ।’

তাই লর্ডসের সেই স্মৃতি ফিরে আনার প্রতিশ্রুতি দিলেন বিরাট।

ad

পাঠকের মতামত