213871

মায়ের ঘরে আগুন দিল দুই পুত্রবধূ





পারিবারিক শত্রুতার জেরে সৎ মায়ের ঘর পুড়ানোর অভিযোগ উঠেছে পুত্রবধূদের বিরুদ্ধে। বান্দরবনের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় শুক্রবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ঘরে কেউ না থাকায় কোন মালামাল সরাতে না পেরে বর্তমানে নিঃস্ব অবস্থায় এক কাপড়ে খোলা আকাশের নিচে বাস করছে বিধবা ফাতেমা বেগম (৭৫)। ক্ষতিগ্রস্থ ফাতেমা বেগম মাষ্টার পাড়া এলাকার মৃত আব্দুর রব ফকির এর ২য় স্ত্রী।

ফাতেমা বেগম জানায়, আমার দুই মেয়ে। তাদের বিবাহ দিয়ে দিয়েছি। ৫ বছরের নাতি জাহেদুল সুলতানকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করি। সকালে তামাকের ক্ষেতে কাজ করতে যাই। সেখানে এলাকার লোকজন খবর দেয় আমার ঘরে আগুন লেগেছে। আমি দৌড়ে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

নাতি জাহেদুল সুলতান আমাকে জানিয়েছে, আমার স্বামীর অন্য স্ত্রীর সন্তান নজীর আহমদ ও জাফর আলমের বউ বাড়ির পিছন দিক থেকে এসে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে।

বিষয়টি আমি স্থানীয় জন-প্রতিনিধিসহ লামা থানাকে অবহিত করেছি। লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিন সরেজমিনে পরিদর্শন করে আইনি ব্যবস্থা গ্রহণে পরামর্শ দেন। নগদ টাকা, মূল্যবান কাগজপত্র সহ জায়গাৃ জমির দলিলপত্র পুড়ে গেছে।

পার্শ্ববর্তী বাসিন্দা শফিউল আলম বলেন, নজীর ও জাফরের বউ সকাল থেকে এলাকা নেই। তারা গা ঢাকা দিয়েছে। সৎ সন্তান ও তাদের পরিবারের সাথে ফাতেমার দীর্ঘদিন যাবৎ ভূমি বিরোধ ও থানা কোর্টে মামলা রয়েছে।

রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, খবর শুনে ওয়ার্ড মেম্বার শফিউল আলমকে ঘটনাস্থলে পাঠাই। আপাতত ২০ কেজি চাউল সহায়তা দেয়া হয়েছে। অসহায় ফাতেমার ঘর নির্মাণে পরিষদ হতে আরো সহায়তা করা হবে।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিন বলেন, থানায় অবহিত করলে অফিসার ইনচার্জ এর অনুমতি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পাওয়া যায়নি।

ad

পাঠকের মতামত