স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি পাবেন হাত হারানো রাজিব
বাস দুর্ঘটনায় হাত হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রাজিব হোসেনের চিকিৎসার ও চাকরির ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালে রাজিবকে দেখতে গিয়ে মন্ত্রী এ আশ্বাস দেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘রাজিব এখন শঙ্কামুক্ত। তবে তার সুস্থ হতে সময় লাগবে। রাজিব সুস্থ হওয়ার পরে যদি তার হাত প্রতিস্থাপন করা যায় সেটিও সরকারিভাবে করে দেওয়া হবে। এই এতিম ছেলেটিকে আমার মন্ত্রণালয়ের অধীনে চাকরি দেওয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘শমরিতা হাসপাতালে চিকিৎসা বাবদ রাজিবের যে পরিমাণ টাকা বকেয়া আছে সেটি সরকারিভাবে দেওয়া হবে। উচ্চ আদালত তার বিষয়ে যে আদেশ দিয়েছেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, ঢামেক হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক খান আবুল কালাম আজাদ প্রমুখ।
গত মঙ্গলবার দুপুরে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। তার ডান হাতটি বেরিয়েছিল বাসের সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে ওভারটেক করার জন্য বাঁ দিক গা ঘেঁষে চাপ দেয়। এ সময় দুই বাসের প্রবল চাপে রাজীবের সে হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা দ্রুত তাকে শমরিতা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা চেষ্টা করেও বিচ্ছিন্ন হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি।




